• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় পুলিশের মামলায় যুবলীগ সভাপতিসহ আটক ৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২২, ১২:০১ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলাযপুলিশের দেয়া মামলায় হরিনাথ পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বিপ্লব খন্দকারসহ 7 জনকে আটক করেছে হিজলা থানা পুলিশ।

পুলিশ সদস্যদের মারধর করার অভিযোগে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন হরিণাথপুর ফাড়ির উপ পরিদর্শক মো. মিজানুর রহমান। মামলার আসামীরা সকলে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
শনিবার রাতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ডেকোরেটরের মালামাল ভ্যানে নিয়ে যাওয়ার সময় ফাড়ির এক পুলিশ সদস্যের গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ ঘটনায় হরিণাথপুরে চাপা উত্তেজনা বিরাজ করছে। যুবকরা গ্রেফতারের আতংকে গা ঢাকা দিয়েছেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ৭ জন হলেন- হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকার, ভ্যানচালক মনির রাঢ়ী, জাকির হোসেন, সোলায়মান, মাইনউদ্দিন, মাহফুজ ও সৌরভ সিকদার।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার বলেন, শনিবার হরিণাথপুর বাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে ডেকোরেটরের চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল একটি ভ্যানে ফেরত নেয়া হচ্ছিল। এসময় সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন হরিণাথপুর ফাড়ির দুই পুলিশ সদস্য। তাদের একজনের গায়ে ভ্যানগাড়ির মালামালের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক মনির রাঢ়ীকে বেদম মারধর করেছে দুই পুলিশ সদস্য। মারধর করে তাকে ছেড়ে দেয়া হলে সে বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এসে কান্নাকাটি করে ঘটনাটি জানায়।
চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায় তখন বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ে ছিল। তারা ভ্যানচালকের মুখে নির্যাতনের কথা শুনে উত্তেজিত হয়ে পুলিশ ফাড়িতে যান। তখন ফাড়ি পুলিশ সদস্যদের সঙ্গে দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীর বাদানুবাদ হয়। এর বেশী হয়নি বলে জানান চেয়ারম্যান তৌফিক।
তিনি অভিযোগ করেন, শনিবার দিবাগত রাত ১টার পর পুলিশ গ্রামের বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চালায়। ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকার ও ভ্যানচালক মনিরসহ আওয়ামীলীগের ৭ কর্মীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর শনিবার রাতেই হরিণাথপুর পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মতিউর রহমান। তিনি সমকালকে বলেন, এক ভ্যানচালকের পক্ষ হয়ে স্থানীয় একদল যুবক ফাড়ির মধ্যে অনুপ্রবেশ করে পুলিশের সঙ্গে অশালীন আচরন ও ধাক্কাধাক্কি করেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হিজলা থানার ওসি মো. ইউনুস জানিয়েছেন, হরিণাথপুর ফাড়িতে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। এ ঘটনায় ফাড়ির উপ পরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। হরিণাথপুর ফাড়ি ইনচার্জ উপ পরিদর্শক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলে তারা রিসিভ করেননি।