• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ন কথপকথন, মোবাইল ফোনে এক নারীকে কু-প্রস্তাবের কলরেকর্ড ফাঁস ও তৃনমূলের ত্যাগীদের অবমূল্যায়ন করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন সহ নানান অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় সাতলা ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ঢেলে সাজাতে অতি সম্প্রতি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে তিনি (হারুন অর রশিদ) সভাপতি পদ প্রত্যাশি ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তার জন্য সুপারিশও করেন। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদার তার পছন্দের অন্য একজন হাইব্রিড আওয়ামী লীগ নেতাকে সভাপতি বানিয়ে পকেট কমিটি গঠন করেন। ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী দিলীপ বিশ্বাস অভিযোগ করে বলেন, স্থানীয় পর্যায়ে তার গ্রহনযোগ্যতা অনেক বেশি। শুধুমাত্র ইউনুস সরদারের পছন্দের লোক না হওয়ায় কমিটিতে তাকে স্থান দেয়া হয়নি।
সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার জানান, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম খন্দকার, সাধারণ সম্পাদক ইউনুস সরদার, স্থানীয় চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয় উপজেলা আওয়ামী লীগ। সেলক্ষ্যে গত তিনদিন পূর্বে ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির তালিকা প্রস্তুত করেন নেতৃবৃন্দরা। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের দোহাই দিয়ে তালিকায় যাদের নাম ছিলো তাদের মধ্যে থেকে অনেককে বাদ দিয়ে কমিটি ঘোষনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার। এনিয়ে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের তৃনমূল কর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কিছু নেতিবাচক কর্মকান্ডের কারনে ওয়ার্ডের নেতাকর্মীরা ক্ষুদ্ধ। যার ফলে সোমবার বিকেলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছিলো। পরবর্তীতে বিষয়টি সমাধানের আশ্বাসে বিক্ষুদ্ধদের অনুরোধ করা হলে কর্মসূচী প্রত্যাহার করেন বিক্ষুদ্ধরা।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস সরদার জানান, স্থানীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কমিটি গঠনের তালিকা করা হয়েছিলো। পরবর্তীতে উপজেলা কমিটির নেতৃবৃন্দরা চুলচেরা বিশ্লেষন করে কমিটি গঠন করেছে। মোবাইলে কথপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি (ইদ্রিস সরদার) বলেন, ওই কন্ঠ তার নয়। ওটা এডিট করা হয়েছে বলেও তিনি দাবী করেন।
এবিষ উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন বলেন, ওয়ার্ড কমিটি গঠন আমরা করিনা। তবে বিগত দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো তাদের বাদ দিয়ে ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত দেয়া হয়েছে। কলরেকর্ড ফাঁসের বিষয়ে তিনি (সভাপতি) বলেন, কম্পিউটারের যুগে অনেক কিছুই এডিট করা যায়। ওটা নিয়ে আমরা ভাবিনা। সে দল সঠিকভাবে চালাচ্ছে কিনা এটাই বড় বিষয়।