গৌরনদী প্রতিনিধি \ প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের ৩০টির অধিক ধারাই সাংবাদিকদের স্বার্থ বিরোধী। এছাড়া আইনটি দ্বারা সাংবাদিকদের সরাসরি কর্মী বানিয়ে মর্যাদার দিক থেকে ছোট করার অপচেষ্টা করা হচ্ছে। যা নিয়ে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৫১ বছর পর প্রণীত আইনটির খসড়া দেখেই সাংবাদিকদের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়েছে। করোনার ক্লান্তির মধ্যে এমনিতেই বিভিন্ন মিডিয়া হাউজ থেকে অসংখ্য সংবাদকর্মীরা ছাটাই হয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন।
২৫ এপ্রিল (সোমবার) বিকেলে শিবচর উপজেলা বিএমএসএফ’র নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার-মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আহমেদ আবু জাফর আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক বান্ধব বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকারকে বির্তকের মধ্যে ফেলতেই এ প্রস্তাবিত আইনটির খসরা করা হয়েছে। তাই আইনটি জাতীয় সংসদে পাস হওয়ার আগে প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সাংবাদিকদের স্বার্থে গণমাধ্যম কর্মী আইনটি সংশোধন করার জন্য জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা।
শিবচর শাখার নির্বাচিত সভাপতি অপূর্ব চৌধুরী জয়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র মাদারীপুর জেলা সভাপতি গাউছ উর রহমান, গৌরনদীর সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, শিবচর শাখার সম্পাদক হায়দার আলী, সদস্য মাসুদ সরদার, পঙ্কজ কুন্ডু প্রমুখ। সভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সুমন তালুকদার।