মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জেও ৬৩টি ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের নীড়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে মির্জাগঞ্জের উপকারভোগীদের জমির দলিলসহ এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ইউএনও মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে উজেলার ছয় ইউনিয়নের প্রতিবন্ধী, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, বিধবা, কাজের মহিলাসহ ৬৩ ভুমি ও গৃহহীন পরিবারকে জমিসহ এসব সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি বাড়িতে থাকছে দুটি বেড রুম, একটি রান্নাঘর, একটি মানসম্মত স্যানিটারি টয়লেট ও একটা প্রশস্ত বারান্দা। সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ নির্দিষ্ট ডিজাইন ও মানসম্মতভাবে সুদৃশ্য রঙিন টিনশেডের দুর্যোগ সহনীয় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৩৯হাজার ৯শত ১৯ টাকা।
উল্লেখ্য- এই উপজেলায় এর আগেও আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪৭টি ও দ্বিতীয় পর্যায়ে ২২৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হয়।