উজিরপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে বরিশালের উজিরপুর উপজেলায় জমিসহ ঘর পেয়েছেন ৯৫ ভূমিহীন পরিবার। মঙ্গলবার সকালে ভূমিহীন ও গৃহহীন ৯৫ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেনি) পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর উদ্বোধন করার পরে বরিশলা-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম ৯৫ টি ঘরের ২৯ টি ঘরের চাবি হস্তান্তর করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে উজিরপুর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ৯৫টি ঘর বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ ঘর নির্মাণ শেষ হয়েছে। মঙ্গলবার এসব ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই দিনই উপকারভোগীদেরকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দকৃত অন্য ঘরও ভূমিহীন ও হতদরিদ্রদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী জুনের মধ্যে বরাদ্দকৃত অবশিষ্ট ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।