গৌরনদী প্রতিনিধি \ বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোকতার হোসেন সরদার (৫৫) নামের এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহত মোকতার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা। সে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলো।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, সোমবার রাত এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন মোকতার হোসেন। এসময় বিজ্রের ঢালে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মোকতার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশোকাঠী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুবুর রহমান জানান, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারী মোকতার হোসেন। ঈদের দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।