• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে কসাইকে কুপিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ণ
ভোলার তজুমদ্দিনে কসাইকে  কুপিয়ে হত্যার চেষ্টা!

ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জামাল নামে এক কসাইকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সাথে থাকা নগদ এক লাখ ৭৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

গত শুক্রবার রাত সাতটার দিকে উপজেলার দক্ষিণ চাচড়া গ্রামের মঙ্গল শিকদার বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে তজুমুদ্দিন ও ভোলায় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আহত জামাল ওই এলাকার নুর ইসলামের ছেলে ও মঙ্গল শিকদার বাজার এর একজন লাইসেন্সপ্রাপ্ত কসাই।
ধারালো অস্ত্রের আঘাতে জামাল কসাইয়ের ডান কাধে ও হাতের কব্জিতে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের ভাই জুয়েল জানান, গত এক বছর পূর্বে দক্ষিণ চাচড়া ইউনিয়নের ইউপি নির্বাচন সম্পন্ন হয়। সেখানে সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানের পক্ষে সমর্থন করে জামাল কসাই। নির্বাচনে বিজয়ী হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের। নির্বাচনের পর থেকে বিজয় চেয়ারম্যান আবু তাহেরের কর্মীসমর্থকরা পরাজিত প্রার্থী হান্নানের কর্মী সমর্থকদের উপর শত্রুতা মূলক ভাবে হামলা-মামলা নির্যাতন চালিয়ে আসছে।
প্রায় সময় চেয়ারম্যান আবু তাহেরের কর্মী ফিরোজ, শাহে আলম ও আরজুসহ তাদের সহযোগীরা পরাজিত প্রার্থী হান্নানের সমর্থক জামাল কসাইকে অহেতুক ভাবে বিভিন্ন ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে।
নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের পক্ষে সমর্থন না করার জের ধরে ঘটনার দিন গত শুক্রবার রাত সাতটার দিকে প্রতিপক্ষ ফিরোজ, শাহে আলম ও আরজুসহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে জামাল কসাইকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে।
এ সময় জামালের সাথে থাকা গরু বিক্রি করার ১ লাখ ৭৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জামাল কসাইয়ের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।