ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি –
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মো. মোশাররফ হোসেনের কন্যা মোছা. রিক্তা পারভীন(২৩) এর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ মে, ২০২২ ইং) দুপুরে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া (চামড়াগুদাম) এলাকায় নিজ শয়নকক্ষ হতে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মোশাররফ হোসেনের ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে রিক্তা পারভীন সবার ছোট। দিনাজপুর সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিল সে। প্রতিদিনের ন্যায় গভীর রাত পর্যন্ত লেখাপড়া করে ঘুমিয়ে পড়লে সকালে উঠতে অনেক দেরি হওয়ায় তাকে বাবা-মা ডাকাডাকি করেন। এক পর্যায়ে দরজায় ধাক্কা দিলে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন বাবা-মা। এরপর স্থানীয়রা ছুটে আসেন।
এবিষয়ে ইউপি সদস্য মোশাররফ হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, আত্মহত্যার কোন কারণ খুঁজে পাচ্ছিনা। মেয়ের মাস্টার্স পরীক্ষা থাকায় গভীর রাত পর্যন্ত লেখাপড়া করত, সকালে সাধারণত ৮টা থেকে ৯টায় ঘুম থেকে উঠতো। কিন্তু আজ সকাল ১০টা বাজলেও মেয়ে দরজা না খুললে তাকে ডাকাডাকি করা হয়। কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দেই। তখনি মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।