• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবদল নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২২, ১১:১৪ পূর্বাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গফুর সরদারের উপর মঙ্গলবার রাতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার সময় রাতেই তাকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার সকালে বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
হামলায় আহত যুবদল নেতা গফুর সরদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আগৈলঝাড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। পথিমধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ড পৌঁছলে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী লাঠিসোটা, লোহার রড, জিআই পাইপ নিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে রড ও পাইপ দিয়ে দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে রাত ১০টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ সেখানে চিকিৎসা দিয়ে আমাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বুধবার একটি বিস্ফোরক ও হত্যা পেন্ডিং মামলায় গ্রেফতর দেখিয়ে আদালতে সোপর্দ করে। তবে কোন ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার সাথে জড়িত নয় দাবী করেছেন উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীল নেতারা।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, মোঃ গফুর সরদারকে বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করা হয়েছে।