• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের গালি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের গালি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বাবা-মাকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষা কর্মকর্তাকে তাড়া করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে হৈ-হুল্লোড় করে একদল শিক্ষার্থী। হৈ-হুল্লোড় বন্ধ করতে শিক্ষার্থীর শাসান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এতে এক পর্যায়ে সুন্দরগঞ্জ আ. মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী কৌশিককে বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান মন্ডল। শিক্ষা কর্মকর্তার এমন অশোভন আচরণে ক্ষুদ্ধ হয়ে ওঠে অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষার্থীরা। পরে অবস্থা বেগতিক দেখে অনুষ্ঠানস্থল থেকে দৌড়ে পলায়ন করেন তিনি। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আশ্রয় নিলে তাকে অবরুদ্ধ করে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঘটনার পরপরই শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের এড়িয়ে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এ ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তার অপসারণ ও বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করে তারা।

শিক্ষার্থী কৌশিক চন্দ্র বলেন, আমরা সেখানে সবাই অনুষ্ঠানে হৈ-হুল্লোড় করেছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শিক্ষা অফিসার এসে আমার বাবা-মাকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরআগেও আমাদের বিভিন্ন সময় আমাদের রাজাকার বলেও গালি দিয়েছেন তিনি। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিচার চাই।

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান মন্ডল গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি শিক্ষার্থীদের বেয়াদব বলে ধমক দিয়েছি। কিন্তু বাবা-মাকে জড়িয়ে গালিগালাজ করার বিষয়টি তিলকে তাল করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান- আমরা বিষয়টি তদন্ত করবো। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণেন জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করবো।