গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া-শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা।
স্থানীয় ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের লিখিত অভিযোগে জানা গেছে, ১৯৯২ সালে বিদ্যালয়টি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাসির উদ্দিন। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারী হওয়ার পর থেকে নিজের ইচ্ছেমত স্কুল পরিচালনা করে আসছেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের পাশে প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বসতঘর হওয়ায় স্কুল ফাঁকি দিয়ে অধিকাংশ সময় পারিবারিক কাজে ব্যস্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এমনকি বিদ্যালয়টি সরকারী হওয়ার পর থেকে প্রধান শিক্ষক নাসির উদ্দিন অদ্যবধি ছাত্র-ছাত্রীদের পাঠ করায়নি বলে অভিযোগ করা হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানন্নোয়নের লক্ষে প্রধান শিক্ষককে অন্যত্র বদলির দাবী জানানো হয়েছে। তবে অভিযোগটি সম্পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবী করেছেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।