• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রমশ কমছে বশেমুরবিপ্রবির বাজেট!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১৫:১৫ অপরাহ্ণ
ক্রমশ কমছে বশেমুরবিপ্রবির বাজেট!

শেখ রাসেল ,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইউজিসি কর্তৃক প্রদত্ত বাজেট ক্রমশ কমছে বিগত বছর থেকে।বিভিন্ন খাতে চাহিদা বৃদ্ধির সাথে সাথে গত তিন অর্থ বছরে ক্রমশ হ্রাস পেয়েছে বরাদ্ধকৃত বাজেট।

বিগত বছরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে ইউজিসি কর্তৃক অনুমোদিত বাজেট ছিলো ৫৪ কোটি ২ লক্ষ টাকা, ২০২১-২২ অর্থ কমে হয় ৫১ কোটি ৬০ লক্ষ টাকা।কমার ধারা অব্যাহত থেকে ২০২২-২৩ অর্থ বছরে বাজেট দেওয়া হয়েছে ৫০ কোটি ৪৫ লক্ষ টাকা।

বাজেট বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর পর প্রথম কয়েক বছরে তাদের ল্যাব নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে অধিক বাজেট প্রয়োজন হয়। পরবর্তীতে ল্যাব নির্মাণ এবং পরিবহন ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ না থাকায় বাজেট হ্রাস পায়। এছাড়া পূর্বে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতনের জন্য অর্থ প্রদান করা হতো কিন্তু বর্তমানে এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হওয়ায় এই খাতে অর্থ দেয়া হচ্ছে না আর এসকল কারণেই মূলত বাজেট হ্রাস পেয়েছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘ইউজিসি থেকে এখনও আমাদের বাজেটের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তাছাড়া এই বাজেট পরবর্তীতে রিভাইজড হবে।’

এ সময়ে তিনি আরও বলেন, ‘আমরা ইউজিসিকে বারবারই বলেছি যে বাজেট আমাদের প্রদান করা হয় তা আমাদের প্রয়োজনের তুলনায় কম এবং তারা যেনো বাজেট বৃদ্ধি করে।’

প্রসঙ্গত, ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২২-২৩ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।