স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী।
আজ রবিবার (০৫ জুন) সকাল ১১ টায় রামদিয়া-ঘৃতকান্দি সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনের শত শত নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, যুবলীগ নেতা আমিরুজ্জামান মিয়া, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, ইমরুল হাসান মিয়া, মাসুদ রানা, জাহিদুল মিয়া, রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
পরে রামদিয়া আওয়ামী লীগ কায্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন।
এ সময় তিনি বলেন, একটি কুচক্রী ও স্বার্থনেশী মহল আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে নানা ধরনের য়ড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে আমাকে জড়িয়ে ও আমার ছবি ব্যবহার করে কতিপয় সাংবাদিকদের কাছে ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করেছেন। জনৈক কানন বালা গাইনের সাথে জায়গা-জমি নিয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজের সঙ্গে দ্বন্দ রয়েছে। সেখানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ কানন বালা গাইনের জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেন। জায়গার পরিমাপ মেনে নিতে না পেরে কানন বালা গাইন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। যার সঙ্গে আমার কোনো ধরণের সম্পৃক্ততা নেই। ওই সংবাদে আমাকে সংখ্যালঘূ নিয্যাতন এবং ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ কর্মসূচীতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ঠাকুর বাড়ীর সদস্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। #