প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে।
গতকাল শনিবার বিকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ রবিবার গুরুত্বর আহত মোঃ আবুল কাসেম (৫০) এর ছেলে মাসুদ রানা বাপ্পি বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, একই বাড়ির আশ্রাফ আকন গংদের সাথে আবুল কাশেম গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার বিকালে আশ্রাফ আকন তার ছেলে সাইফুল আকন ও ফোরকানসহ ৪/৫ জন মিলে কাশেমের ঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করায় তাদের হাতে থাকা দাও দিয়ে কাশেমের মাথায় আঘাত করে। এসময় ডাক-চিৎকার শুনে কাশেমের ছেলে মেহেদী(১৬) ও কন্যা কোহেলী (১০) ছুটে আসলে তাদের উপর হামলা করলে তারা আহত হয় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অপর পক্ষের মোসাঃ দুলু বেগম (৪২) ও আঃ মজিদ (৭৫) আকনও আহত হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
##