…
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: এবার জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে দেশা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে বোরহানউদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)।
সোমবার (৬ জুন) সকালে ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘খ’ গ্রুপে দেশের আটটি বিভাগের জারীগান দল অংশগ্রহণ করে যার মধ্যে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।
ইউপিএস এর ১০ম শ্রেণির শিক্ষার্থী অহনা রাণী দাসের নেতৃত্বে উক্ত জারীগান দলে অংশগ্রহণ করে রাসনা আক্তার, মোসা. আমরিন, খাদিজা আক্তার বাঁধন ও মিথিলা আলম মিম।
এ বিষয়ে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি তার নিজস্ব ভেরিফাইড ফেজবুক পেজে ইউপিএস এর বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা প্রকাশ করেন। এছড়াও স্কুলের সভাপতি, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান তার ফেজবুক প্রোফাইলে বিজয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
স্কুলের উপাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম বলেন, পড়া-লেখার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি। যার ফলশ্রুতিতে ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আমরা জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করি। তবে এ বছর শুরু থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ভালো ফলাফল করার জন্য। এই পরিশ্রম আজ সফল হয়েছে। আমরা বোরহানউদ্দিন উপজেলা, ভোলা জেলা, বরিশাল বিভাগ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে দেশ সেরা হয়েছি। যা ইউপিএস এর স্মরণকালে সেরা অর্জন।
শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমের ফলেই এমন অনবদ্য অর্জন বলে মনে করেন স্কুলের অভিভাবকরা।
উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলা প্রশাসনের সার্বিক সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন স্কুল ইউপিএস নামে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস। প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক কার্যক্রম ও সাংস্কৃতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করে প্রতিষ্ঠানটি। যার ধারাবাহিকতায় ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে দলীয় জারীগান ইভেন্টে অংশগ্রহণ করে ইউপিএস সামান্য নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থান অধিকার করে।
এই অনবদ্য অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুর রহমান স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।