শেখ রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষকবৃন্দের জন্য নবনির্মিত একটি আবাসিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মো: আবু বকর ছিদ্দীক আজ (বুধবার) ভবনটি উদ্বোধন করেন। পাঁচতলা বিশিষ্ট এই ভবনটির নামকরণ করা হয়েছে মধুমতি।
বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস. এম. এস্কান্দার আলী জানান, ‘পাঁচতলা ভবনটিতে ১৬০০ স্কয়ারফিটের মোট ২০ টি ফ্লাট রয়েছে। ভবনটির স্বল্পকিছু কাজ অবশিষ্ট রয়েছে। এই কাজ পুরোপুরি সম্পন্ন হলে প্রশাসন ফ্লাটসমূহ বিধি অনুযায়ী শিক্ষকবৃন্দের বসবাসের জন্য বন্টন করবে।’
বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের তথ্য অনুযায়ী, আজ (বুধবার) বিকাল ৪টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি সিনিয়র শিক্ষকদের আবাসিক ভবন ‘মধুমতি’র উদ্বোধন করেন এবং ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পটির অধীনে একাডেমিক ভবন, ছাত্র হল, ছাত্রী হল, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার সহ বেশ কিছু অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পটির মেয়াদ ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয় এবং ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু পরবর্তীতে এর মেয়াদ দফায় দফায় বৃদ্ধি করে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত করা হয়।