• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২২, ০৪:২১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভের কামনা করে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদগাহে অতিরিক্ত জেলা প্রশাসক, নব নির্বাচিত পৌর মেয়র, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।

এ বছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ধর্মীয় নিয়ম-কানুন মেনে ঈদগাহ ময়দানে আলাদাভাবে নারীদের জন্য ঈদের জামাতের আয়োজন করা হয়। ঈদগাহে এসে নামাজ আদায় করেন নারীরা।

এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত ছাড়াও আধা ঘন্টা পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, রৗাবসহ বিভিন্ন আইনশৃঙখলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।

এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে আল্লাহর রহমত পেতে যে যার সাধ্যমত বাড়ীতে বা সড়কের উপর পশু কোরবানী দেন। পরে সেই সব পশুর মাংস আত্মীয়-স্বজন ও গবীরদের মাঝে বন্টন করা হয়। #