• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের উপর কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে-গোপালগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ
র‌্যাবের উপর কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে-গোপালগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি র‌্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। তাদের ভিতরে যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনও র্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন। আমরা মনে করি র্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন। এটা কেন করেছেন তারাই (মার্কিন যুক্তরাষ্ট্র) জানেন।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে অনুভুতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা আমাদের দাবায় রাখতে পারবেনা। বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি করে দেখিয়েছেন। তিনি বলেছিলেন বদলে দিবেন বাংলাদেশ। আমাদের স্বপ্ন-হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এই স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দৃঢ হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে আমাদেরই হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

এ সময় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।