স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩য় পর্যায়ে ২য় ধাপের ৬১৯টি সুবিধাভোগী পরিবারের মাঝে ২ শতাংশ জমি ও দুই কক্ষবিশিষ্ট একক সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে।
আজ বুধবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
তিনি জানান, আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর করে শুভ উদ্বোধন করবেন। পরে গোপালগঞ্জের ৩য় পর্যায়ে ২য় ধাপের ৬১৯টি উপকারভোগী পরিবারের মাঝে ২ শতাংশ জমি ও দুই কক্ষবিশিষ্ট একক সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে।
এর মধ্যে সদর উপজেলায় ১৬২ টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭ টি, কাশিয়ানী উপজেলায় ১’শ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৩০ টি ও কোটালীপাড়া উপজেলায় ২০টি ঘর রয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, গোপালগঞ্জ জেলায় “ক” শ্রেনীর ৩৬৪০ টি পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ৮৫৬টি, ২য় পর্যায়ে ১ হাজার ১৫৭ টি ও তৃতীয় পর্যায়ে ১ম ধাপে ৬৩০টি ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া তৃতীয় পর্যায়ে আরো ৩৭৮টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে।
এ প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #