গৌরনদী প্রতিনিধি \ সরকারী ব্রীজের মালামাল চুরি করে বিক্রির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের।
স্থানীয়রা জানান, উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) আয়রণ ব্রীজের বিম, এ্যাঙ্গেলসহ বিভিন্ন মালামাল রাজিহার ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছিলো। রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার ওই মালামাল তার চেংগুটিয়া গ্রামের রাইচ মিলে জমা রাখেন। রবিবার বিকেলে রাইচ মিলের চেয়ারম্যানের নিযুক্ত ম্যানেজার মনির হোসেন হাওলাদার সরকারী ব্রীজের লোহার বিম ও এঙ্গেল কুষ্টিয়া জেলার সিলেরঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়ার কাছে বিক্রি করে দেয়। ভাঙ্গারী ব্যবসায়ী সরকারী মালামাল নিয়ে যাওয়ার পথে গৌরনদী উপজেলার রাজাপুর এলাকায় স্থানীয়রা আটক করে। খরবপেয়ে এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেন এবং মালামালের হিসাব করেন। পরে থানার এসআই মিল্টন মন্ডল ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসেন। ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম জানান, ২৭৯ কেজি লোহার বিম ও এঙ্গেল ১১ হাজার টাকায় তার কাছে বিক্রি করেছে মনির হোসেন।
রাজিহার ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পাল জানান, জমা রাখা সরকারী মালামাল চুরির খবর শুনে ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বিএম খোকন বাদী হয়ে চেয়ারম্যানের রাইচ মিলের ম্যানেজার মনির হাওলাদারসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মালামাল চুরির খবর শুনেছেন। মেম্বরকে বাদী হয়ে মামলা করতে বলেছেন। আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, সরকারী মালামাল জব্দ করা হয়েছে। স্থানীয় মেম্বর বাদী হয়ে চুরি মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেস্টা চলছে।