মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
বরিশাল জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ থেকে জেলা শহর বরিশালের সাথে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম স্প্রীডবোট। পাতারহাট বন্দরের স্টীমারঘাট থেকে স্প্রীডবোট যোগে প্রতিদিন বরিশালে যাতায়াত করে শিক্ষার্থী, চাকুরীজীবি, রোগী সহ শত শত যাত্রী। শনিবার সকালে কোন ঘোষনা ছাড়াই পুলিশ মোতায়েন করে স্প্রীডবোট যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন। এতে চরম ভোগান্তিতে পরে শিক্ষার্থী, চাকুরী, রোগী সহ শত শত জনগন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগী নিয়ে স্প্রীডবোট ঘাটে বসে আছে জলিল বেপারী। তিনি সাংবাদিকদের জানান, রোগী নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত স্প্রীডবোটের অপেক্ষায় বসে আছি, কিন্তু পুলিশ কোন স্প্রীডবোট ছাড়তে দেয়নি। স্প্রীডবোট ড্রাইভার রবিউল, তারেক, হাসান গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় আমরা বৃহস্পতিবার সকালে স্প্রীডবোট ঘাটে আসি। এসে দেখি ঘাটে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা। সকল স্প্রীডবোট চলাচল বন্ধ থাকবে বলে পুলিশ আমাদেরকে জানান। তাই রোগী সহ শত শত যাত্রী বরিশাল যাতায়াত করতে পারছেনা। তারা আরো জানান, মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম স্প্রীডবোট ঘাটে এসে ড্রাইভারদেরকে পেলেই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। কি কারণে স্প্রীডবোট বন্ধ করা হয়েছে এবং ড্রাইভারদেরকে পেলে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে তা তাদের জানা নাই। এবিষয়ে ওসি মোঃ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেন নি। এসআই সাহাব উদ্দিন জানান, স্প্রীডবোট চলাচল বন্ধ করার জন্য ওসি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাই আমরা স্প্রীডবোট চলাচল বন্ধ করে দিয়েছি।