রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে সিট বাণিজ্যের ও শিক্ষার্থীদের নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসয়িশন।
রোববার (২১ আগস্ট) বেলা ১২ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে তারা এই কর্মসূচির পালন করে।
মানববন্ধনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতিতে অধিক মনোযোগী সেজন্য ভবিষ্যতের কথা চিন্তা করে অন্যায়ের প্রতিবাদ করতে চান না। এই পরিস্থিতির কারণেই শিক্ষার্থীরা নানা ধরনের অপকর্মে জড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ব্যর্থ। ঘটনার পর ভুক্তভোগীকে আবার ওই হলেই রাখা হয়েছে। তাঁর কাছে গিয়ে ছাত্রলীগের ছেলেরা আবার কথা বলেছে। এখানে তাঁর এই নিরাপত্তাটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। আমরা চাই, দ্রতই জড়িত ছাত্রলীগের নেতাকে হল থেকে বহিষ্কার করা হোক। তদন্ত সাপেক্ষে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারেরও দাবি জানান তিনি।
এসময় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসনে বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমঝোতার নাটক সাজানো বন্ধ করতে হবে। আপনারা যদি এই ঘটনাগুলোর বিরুদ্ধে পদক্ষপে না নেন তাহলে এগুলো চলতেই থাকবে। এজন্য আপনাদের অবশ্যই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।
এদিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলামকে মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা কর্তৃক নির্যাতনের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।
এসময় প্রতিবাদী এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামসুল নামের এক আবাসিক শিক্ষার্থীকে তিনঘণ্টা আটকে রেখে মারধর এবং জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ তুলে প্রক্টর বরাবর একটি লিখিত দেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে ওইদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হলের ২৩২ নম্বর রুমে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ করেন। এছাড়া ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সিট বানিজ্য ও চাদাবাজির অভিযোগ রয়েছে।