• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদ: বেতাগীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২২, ১৩:১৩ অপরাহ্ণ
নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদ: বেতাগীতে বিক্ষোভ সমাবেশ

সৈয়দ নূর-ই আলমঃ
রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৮ বছর। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে বিক্ষোভ মিছিল শেষ করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সমানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।তিনি তার বক্তব্যে বলেন,’২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন সহ মোট ২৪জন নিহত হন। এ হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।’
সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার,যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটন, সম্পাদক জুয়েল রানা সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও সদর ইউনিয়নের উত্তর বেতাগীতে সাবেক কৃষক লীগের সভাপতি আব্দুস সোবহানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।