• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ধর্মপাশায় কিল-ঘুষিতে এক কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় কিল-ঘুষিতে এক কৃষকের মৃত্যু

 

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা, (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামের সামনে থাকা বীজতলা জমিতে চাঁই পেতে মাছ ধরাকে কেন্দ্র করে এলোপাতাড়ি কিলঘুষিতে সাইকুল ইসলাম (৫২)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে বীজতলা পাড়ে এই ঘটনা ঘটে।
ধর্মপাশা থানা পুলিশ ও ওই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামের সামনে থাকা কৃষক সাইকুল ইসলামের বীজতলা জমিতে কয়েকজনকে সঙ্গে নিয়ে প্লাস্টিকের চাঁই পেতে মাছ শিকার করতে যান একই ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৩৫)। তাঁরা ওই বীজতলা থেকে কিছুটা মাটি কেটে তুলে চাঁই পেতে মাছ শিকারের জন্য পাড় তৈরি করেন। খবর পেয়ে সকাল সাতটার দিকে ওই বীজতলার পাড়ে যান কৃষক সাইকুল ইসলাম। বীজতলার ক্ষতি করে মাছ শিকার করায় ওই কৃষক কাশেম ও তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন।এতে আবুল কাশেম ও তাঁর লোকজন রাগান্বিত হয়ে কৃষক সাইকুলকে কিলঘুষি ও চড় থাপ্পড় মারতে শুরু করলে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর স্বজনেরা।পরে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ মিজানুর রহমান
বলেন, ওই কৃষকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে।এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির তদন্ত চলছে।