• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের চাঞ্চল্যকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ চার্জশীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল জানান, বিগত ২৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গণ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে চার্জশীট জমা দেয়া হয়।

চার্জশীটভুক্ত আসামীরা হলো-রাকিব মিয়া, মো: হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ।

তবে এ মামলায় দুই জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি না পাওয়ায় তাদেরকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়েছে বলে চার্জশীটে উল্লেখ করা হয়।

মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, যেহেতু ডিএনএ টেষ্ট করে আসামীদেরকে সনাক্ত করে চার্জশীট দেয়া হয়েছে এবং এ পর্যন্ত ভিকটিমও কোন কথা এখনো বলেনি তাই আপাতত বিষয়টি আমরা মেনে নিয়েছি। ভিকটিম যদি কোন অভিযোগ করেন তাহলে আমরা পরবর্তী আইনি ব্যাবস্থার দিকে এগুবো।

প্রসঙ্গত, বিগত ২৩ ফেব্রুয়ারী রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ থেকে আসামীরা জোর করে পাশের একটি নির্মানাধীন ভবনের মধ্যে নিয়ে গিয়ে সেখানে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং তা ব্যাপক আন্দোলনে রূপ নেয়। আসামীরা ধরা পড়ার পর এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত হয়। #