গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল-বাটরা সড়কে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজি গাঁজাসহ বিক্রেতা বেল্লাল প্যাদা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় বেল্লাল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বেল্লাল গৌরনদী উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের আব্দুল হক প্যাদার ছেলে ও একটি হত্যা মামলার আসামী।
গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার এসএম আল বেরুণী জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজিহার ইউনিয়নের বাশাইল-বাটরা সড়কে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় একটি ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে প্রায় সাড়ে ছয় কেজি গাঁজাসহ বেল্লালকে গ্রেফতার করা হয় এবং তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।