মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মামার বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়ে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে সুইটি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে এঘটনা ঘটে। শিশু সুইটি আক্তার পাশ্ববর্তী বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের মো. সুমন মিয়ার কন্যা।
স্থানীয় ও স্বজনরা জানায়, সুইটি আক্তার পরিবারের লোকজনের সাথে তার মামা বাড়িতে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেন। শুক্রবার বিকেলে মামার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে সুইটি আক্তার সবার অজান্তে পানিতে ডুবে যায়। এসময় বিয়ে বাড়ির লোকজন সুইটিকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে সুইটি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’