মোঃ ইসমাইল ভোলা।।
ভোলা সদর উপজেলায় সড়কের পাশের ডোবা থেকে মো. শাহে আলম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহে আলম উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেন তাঁর পরিবার। আজ রবিবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু মুন্সির বাড়ির পিছনে ভোলা-বরিশাল মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয় কয়েক জন শিশু ওই এলাকার একটি বাগানে কচুর লতি তুলতে যায়। পরে বাগানের পাশের ডোবায় অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন জানান, ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।