রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর: গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় দিনাজপুরের বীরগঞ্জে সিলিন্ডারের বিস্ফোরণে নারী-শিশুসহ ৫জন অগ্নিদগ্ধ হয়েছে। আহত অগ্নিদগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল (৩৫), আহত জাহিদুলের ছেলে মোঃ জয় (১৩), মোঃ বেলাল হোসেনের স্ত্রী মোছাঃ শাহানা (৩৫), মেয়ে লামিয়া খাতুন (২) এবং মোঃ মাইন উদ্দিনের ছেলে মোঃ সাইদুর (৫)। অবস্থার অবনতি হলে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রস প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়ীতে এ সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ব্যাপারে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী জানান, নিজ বাড়ীতে বসে গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করছিলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে গেলে তিনি সহ পরিবারের এবং প্রতিবেশি নারী ও শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হন। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দে মুকিত সৌরভ জানান, ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৫জনকে হাসাপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে খোজ খবর রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।