রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে রংপুর ও রাজশাহী বিভাগ হতে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন এবং আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরনের সহিংসতার ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ শনিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী নারী নেট ওর্য়াকের দিনাজপুর জেলা শাখার উদ্দ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচীতে জেলার বিভিন্ন স্থানের আদিবাসী নারী এবং পুরুষেরা অংশ নেয়।
আদিবাসী নারী পরিষদ
দিনাজপুর জেলা কমিটি এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য মিনতী মার্ডী, কোষাধ্যক্ষ শিবানী উরাও, সদস্য সেলিনা সরেন, দিনাজপুর সদরের মায়ারানী টপ্য, বানী কুজুর, মিনতী লাকড়া, বীরগঞ্জের কমলা সরেন, সুশিলা মুর্মু, স্মৃতি মার্ডি, কাহারোলের হাসিনা সরেন, রিতা হেমব্রম, বিরলের রাখী কড়া, পার্বতীপুরের লিপনা হাঁসদা, মিনতি সরেন প্রমুখ।
এসময় আদিবাসী নারীদের মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান,জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রম্নবেল টুডু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমতল তথা উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী বিভাগের আদিবাসী নারীরা নানাভাবে অনেক পিছিয়ে আছে এবং আদিবাসী নারীদের প্রতি বিভিন্ন সময়ে নানা ধরনের সহিংসতা, নিপীড়ণ ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আদিবাসী নারীরা অর্থনৈতিক, রাজনৈতিকভাবে প্রান্তিক বলে তাদের প্রতি সহিংসতার ঘটনাগুলো বেশি ঘটে। রংপুর জেলার বদরগঞ্জের আদিবাসী শিক্ষার্থী রম্নখিয়া রাউৎকে ধর্ষণের পর হত্যা, দিনাজপুর জেলার নবাবগঞ্জে আদিবাসী কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদের ফেলে ধর্ষণ, নবাবগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী সাঁওতাল কিশোরীকে ধর্ষণ, পার্বতীপুরে সাঁওতাল কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা ইত্যাদি ঘটনার কথা তুলে ধরেন বক্তারা এবং এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার জন্য সুবিচার না হওয়ায় আদিবাসী নারী নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নারীর প্রতি সহিংসতার ঘটনায় দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
বক্তারা আরো বলেন, আদিবাসী নারীরা ক্ষমতা কাঠামোর একেবারে বাইরে রয়েছে অথচ তাদের মধ্যেও নেতৃত্বের ক্ষমতা তৈরি হয়েছে। বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নানা পরিকল্পনা ও সুযোগ তৈরি করলেও সেখানে আদিবাসী নারীদের প্রবেশাধিকার নেই বললেই চলে। জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকলেও রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কোন আদিবাসী নারীকে কখনো মনোনয়ন দেওয়া হয়নি। এই দুই বিভাগ থেকে অন্ততপক্ষে দুই জন আদিবাসী নারীকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধন থেকে আদিবাসী নারীসহ নারীর প্রতি সকল ধরনের নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখা, সমতলের আদিবাসীদের ভূমি রক্ষায় স্বাধীন ভূমি কমিশন গঠন করা এবং সমতলের আদিবাসী নারী-পুরম্নষদের জীবনমান উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ ও পৃথক মন্ত্রণালয় গঠন করার দাবিও জানানো হয়।