রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৮ জনের মরদেহ দিনাজপুর সদর ও খানসামা উপজেলার নদী থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু, পাঁচজন মহিলা ও একজন পুরুষ
২৬ সেপ্টেম্বর সোমবার সকালে সদর উপজেলার মাহুতপাড়া মহল্লার পুনর্ভবা নদী থেকে একজন পুরুষের মরদেহ, বীরগঞ্জের আত্রাই নদী থেকে একটি শিশু এবং দুপুরে ঢেপা নদী থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইটি শিশু, চারজন মহিলা রয়েছে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে আড়াই বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে। আর দুপুরে বীরগঞ্জ পৌরশহরের সুইসগেটের ঢেপা নদীতে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। সে বোদা উপজেলার কাউয়াখাল গ্রামের সহিনের স্ত্রী সুমিত্রা (৪৫)। মরদেহ সনাক্ত করেছেন তার ছেলে বিজয়।
এছাড়াও খানসামা থানার ওসি চিত্তরঞ্জন জানান, উপজেলার আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে তিনটি নারী ও দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, দিনাজপুর কোতোয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার মাহুতপাড়া পুনর্ভবা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে সম্ভবত এই লাশটিও করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের মরদেহ।