রাবি প্রতিনিধি : ‘পর্যটনকে বিকশিত করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’-এর কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচায বলেন, ট্যুরিজম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গর্বিত প্রতিষ্ঠান। ট্যুরিজম এখন শুধু ট্যুরিজমে সিমাবদ্ধ নয়, দেশের আর্থ সামাজিক বিষয়েও এটি অবদান রাখে চলেছে। আজকের উন্নত বিশ্বে দেশকে উন্ন করার জন্যও ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটন দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস, যা ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি বিষয় পর্যটন। প্রতিপাদ্যটি এসডিজি অর্জনে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো সুলতার-উল-ইসলাম বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সোনার বাংলা গঠন করতে সক্ষম হব। পর্যটনকে বিকশিত করি, সমৃদ্ধ দেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরভাবে দিবসটি উদযাপিত হচ্ছে।’
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো: এনায়েত হোসেন, রয়েল রাজ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম সিয়াম প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ প্রাঙ্গণ থেকে বিভাগের সভাপতির নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, খাদ্য উৎসব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) দেশের পর্যটন খাতের অবদান ৩ দশমিক শূন্য ২ শতাংশ বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬ হাজার ৬৯০ কোটি টাকার বেশি। পর্যটন নিয়ে বিবিএস কর্তৃক প্রথমবারের মতো প্রকাশিত প্রতিবেদন ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট-২০২০ অনুসারে মোট কর্মসংস্থানের ৮ দশমিক শূন্য ৭ শতাংশের সুযোগ তৈরি করছে এই খাত।