বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ মোসাঃ রহিমা বেগম বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের দক্ষিণ দুধলমৌ গ্রামের মোঃ রফিক হাওলাদারের কন্যা রহিমা বেগমকে ২০২১ সালের ২৯ জানুয়ারি সৈয়দ বেলায়েত হোসেনের পুত্র সৈয়দ ইমরান হোসেনের সাথে রেজিস্ট্রি কাবিন করে বিবাহ দেয়া হয়। মোঃ রফিক হাওলাদার তার কন্যার বিবাহের সময় বরযাত্রীদের আপ্যায়ন ও স্বর্ণালঙ্কারসহ খাট শোকেস উপহার বাবদ ৫ লক্ষ টাকা খরচ করে তার কণ্যাকে শ্বশুড় বাড়িতে তুলিয়া দেয়।
বিবাহের ৬ মাস যেতে না যেতেই যৌতুকলোভী ইমরান পালসার মোটর সাইকেল ক্রয়ের জন্য তার স্ত্রীর নিকট যৌতুক দাবি করে। গৃহবধূ রহিমা তার স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অক্ষমতা প্রকাশ করিলে ইমরান ও তার পিতা-মাতা তাকে মারধর করে আহত করে। এ ঘটনায় তিনি বরিশালের আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন।
উক্ত মামলায় বিবাদীদের নিশ্চিত সাজা হইবে বুঝিতে পেরে ইমরান কিছুদিন পূর্বে তার স্ত্রী রহিমাকে মামলা তুলে নিতে অনুরোধ করে এবং তার বাড়িতে তুলিয়া নেয়।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার সময় রহিমা পিতার বাড়ি থেকে শ্বশুড় বাড়িতে গেলে তার নিকট পূর্বের দাবীকৃত ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সে যৌতুক দিতে পারিবে না জানালে যৌতুকলোভী ইমরান ও তার পিতা-মাতা রহিমার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। আহত রহিমা বর্তমানে বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে গৃহবধূ রহিমা জানান, তাকে নির্যাতনের ঘটনায় যদি পুলিশ মামলা না নেয় তাহলে তার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের প্রার্থনা জানান।