• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নারী পাচারকারী ও অফিস সহাকারীসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২, ১৫:০৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে নারী পাচারকারী ও অফিস সহাকারীসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহর থেকে এক নারী পাচারকারী ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের চুক্তিভিত্তিক অফিস সহাকারীসহ ৬ জনকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। এসময় একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ১২ হাজার টাকা এবং সংশ্লিষ্ট কাগজ পত্র উদ্ধার করা হয়।

আজ সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকার সেকেন মিয়ার ছেলে সোনা মিয়া (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো: বিলায়েত সরদারের ছেলে সাহাম সরদার (৩০), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল গ্রামের গোলাম হোসেনের মেয়ে গুলশানা আরা (৩০), একই জেলার বীরগঞ্জ উপজেলার কল্যাণী গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মল্লিকা বেগম (৩২), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মুন্নি খাতুন (২৭) ও একই গ্রামের তৈয়েব আলী শেখের মেয়ে জেসমিন বেগম (৩০)।

জানাগেছে, চার নারীর ফিঙ্গার প্রিন্ট করার জন্য মাথা পিছু ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকায় গোপালগঞ্জ শহরের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের চুক্তিভিত্তিক অফিস সহাকারী সাহাম সরদারের সাথে চুক্তি করেন আটককৃত সোনা মিয়া। পরবর্তীতে সোনা মিয়া ওই ৪ নারীকে ফিঙ্গারপ্রিন্ট করে দেয়ার কথা বলে ঢাকা থেকে গোপালগঞ্জ নিয়ে আসেন।

পরে ফিঙ্গার প্রিন্ট শেষ হলে টাকা দেয়ার তাদের হাতে হাতে ধরে আটক করা হয়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে আটককৃত ৬ জনকে হস্তান্তর করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ১২ হাজার টাকা ও সংশ্লিষ্ট কাগজ পত্র জব্দ করা হয়।

দিনাজপুর ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার নারীদের সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রতারনার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো আটককৃত সোনা মিয়া। সে ঢাকার বনানীতে অবস্থিত সেভওয়ে এজেন্সির মাধ্যমে বিভিন্ন জেলার নারীদের বিদেশে পাঠানোর জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন। আটকৃকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। #