স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিনের ২২ লক্ষ টাকা ও প্রাইভেটকার নিয়ে চম্পট দিয়েছে তারই গাড়ী চালক শফিউল (৩৫)।
আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা শহরের সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজী বোরহান উদ্দিন ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন। চম্পট দেয়া গাড়ী চালক শফিউলের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি শশুরবাড়ি নোয়াখালিতে থাকেন।
ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিন জানান, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন। একটি জমি দলিলের উদ্দেশ্যে রোববার (৩০ অক্টোবর) ব্র্যাক ব্যাংক, নবাবপুর শাখা থেকে ২২ লক্ষ টাকা উত্তোলন করেন। ওই দিনই নিজের প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলিতে আসেন।
সোমবার সকাল ১০টার দিকে তিনি জমি দলিল করার উদ্দেশ্যে ২২ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে গোপালগঞ্জ সাব রেজিষ্ট্র অফিসের সামনে আসেন। টাকা গাড়িতে রেখেই তিনি অফিসে প্রবেশ করেন।
এর কিছুক্ষণ পরে টাকার প্রয়োজন হলে তিনি গাড়ী শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে বাইরে চালককে অনেক খোঁজাখুঁজি করেও পানি। পরে তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ওই ব্যবসায়ী আরো জানান, গত জানুয়ারী মাসে ৪৩ লক্ষ টাকা মূল্যের প্রিমো ব্রান্ডের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৪৭৮৩১৮) কেনার পর শফিউলকে চালক হিসাবে নিয়োগ করেন।
গোপালগঞ্জ সদর থানারেউপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ঘটনাটির বিষয়ে একটি জিডি হয়েছে। ওই চালকের অবস্থান জানতে ও গ্রেফতার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। #