• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ধর্মঘটের অজুহাতে সবজির দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২২, ১৩:২৩ অপরাহ্ণ
বরিশালে   ধর্মঘটের অজুহাতে  সবজির দাম বাড়তি

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের অজুহাতে বরিশালের সব কাঁচাবাজারেই শীত বা গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দামই বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০টাকা পর্যন্ত। দুই সপ্তাহ পরও কাটেনি চিনির সংকট। আর সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

শিম, মুলা, ফুলকপি-বাঁধাকপিসহ শীতকালীন নানা সবজি উঠেছে কাঁচাবাজারে। আছে গ্রীষ্মের সবজিও। তবে দাম চড়া।

এক কেজি শিম কিনতে গুণতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। মুলা ৪০ আর টমেটোর কেজি ১২০ টাকা। ছোট ফুলকপি-বাঁধাকপির দাম ৫০ টাকার ওপরে। বাড়তি এই দামের জন্য বিক্রেতারা ধর্মঘটের কথা বললেও তা মানতে নারাজ ক্রেতারা।

বরিশাল পোর্টরোড বাজারের বিক্রেতারা বলছেন ধর্মঘটের কারণে বরিশালে কাঁচামালামাল আসছে না এর জন্য দাম একটু বেশি।

পোর্ট রোডে কাঁচামাল পরিবহনের এক ট্রাকচালক বলেন, ধর্মঘটের কারণে বরিশাল আসতে আমাদের সমস্যা হচ্ছে। অনেক ড্রাইভার তো আসতেই চায় না।

ধর্মঘটের অজুহাতে বরিশালে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। একই সঙ্গে ৬০ টাকার ফুলকপি ৮০ টাকা, ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর মশুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা।

আগের মতোই সংকট রয়েছে চিনির বাজারেও। সরকারি হস্তক্ষেপে প্যাকেটের চিনি ৯৫ টাকা কেজিতে পাওয়ার কথা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে না প্যাকেট চিনি। খোলা চিনি পাওয়া গেলেও তার দাম রাখা হচ্ছে ১০৩ টাকা। আর এজন্য মিল মালিকদের দুষছেন বরিশাল বাজার রোডের খুচরা ব্যবসায়ীরা।

গত সপ্তাহের ১৭০ টাকার ব্রয়লার মুরগি বরিশাল নতুন বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।

ক্রেতারা জানান, সব ধরনের পণ্যের দাম বাড়তি। মধ্যবিত্তরা ও নিম্নবিত্তদের অবস্থা খুবই খারাপ। সংসারের খরচ কমাতে কমাতে আর পারছি না। এরমধ্যে ভোজ্যতলের দাম লিটারে আরও ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। বাজারের যে অবস্থা এখন হয়তো একবেলা না খেয়ে থাকবে হবে।

এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা।