মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের হাসপাতাল রোডে উদ্বোধনের ৫ দিনের মাথায় লাইসেন্স বিহীন পদ্মা হাসপাতাল বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যিদ মোহাম্মদ আমরুল্লাহ্ এর নেতৃত্বে ডাক্তার ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ সদ্য উদ্বোধন হওয়া পদ্মা হাসপাতালে অভিযান চালায়। এসময় পদ্মা হাসপাতালের সত্ত্বাধিকারী কবির খানকে হাসপাতাল নির্মাণে সরকারি অনুমোদন বা লাইসেন্স থাকলে দেখতে বলেন। কবির খান সরকারের অনুমোদিত কোন ডকুমেন্টস দেখাতে না পারায় পদ্মা হাসপাতাল আজ থেকে বন্ধ ঘোষণা করেন প্রশাসন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যিদ মোহাম্মদ আমরুল্লাহ গণমাধ্যমকে জানান, গত ১ অক্টোবর মেহেন্দিগঞ্জে পদ্মা হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেন কবির খান নামের এক ব্যক্তি। আমারা একাধিক অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা সিভিল সার্জনের নির্দেশে আজ পদ্মা হাসপাতালে অভিযান পরিচালনা করি। ওই প্রতিষ্ঠানের অনুমোদিত কোন কাগজ-পত্র না থাকায় প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। লাইসেন্স বিহীন হাসপাতাল বা কোনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা করার সুযোগ নেই। সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, মেহেন্দিগঞ্জে লাইসেন্স বিহীন পদ্মা হাসপাতাল চালু করার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তাৎক্ষণিক সেটি বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে পদ্মা হাসপাতালের সত্ত্বাধিকারী কবির খান জানান, লাইসেন্স না থাকায় হাসপাতাল বন্ধ করা হয়েছে, লাইসেন্স পেলে আবার ব্যবসা শুরু করবো।