স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুরের বিভাগীয় মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ফরিদপুরগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ফরিদপুরগামী যাত্রীরা। এদিকে, এ সমাবেশে যোগ দিতে দুই দিন আগেই বিভিন্ন ভাবে ফরিদপুরের পৌঁছেছে বিএনপি নেতাকর্মীরা।
জেলা শহরের বিভিন্ন বাসষ্ট্যান্ডে গিয়ে জানাগেছে, ফরিদপুরের মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী সেবাগ্রীণ লাইন, কমফোর্ট, দিগন্ত, গোল্ডেন লাইন, ষ্টার লাইনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ফরিদপুরগামী সাধারন যাত্রীরা বাসষ্ট্যান্ডে এসে চম ভোগান্তিতে পড়েছে। অনেককেই বাড়ী ফিরে যেতে দেখা গেছে। এছাড়া সাভারগামীদের পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়ে সাভারে পৌঁছাতে হচ্ছে। তবে জেলার অন্যান্য সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সমাবেশে যোগ দিতে দুই দিন আগেই ফরিদপুরের পৌছেঁছে গোপালগঞ্জের বিএনপি নেতাকর্মীরা। এক হাজারেরও বেশি নেতাকর্মী এ সমাবেশে যোগ দিবেন। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা একজোট হয়ে ফরিদপুরের সমাবেশে না গিয়ে আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত সুযোগ-সুবিধা মতো বিভিন্ন পন্থায় তারা ফরিদপুরে পৌঁছেছেন।
শহরের পুলিশ লাইনস মোড়ের কমফোর্ট লাইনের কাউন্টারের ম্যানেজার ইলিয়াছ শেখ জানান, সকাল থেকেই কমফোর্ট লাইনের ফরিদপুর ও সাভার হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। একটি বাসও ছেড়ে যায় নি। ফরিদপুরে ধর্মঘট ঢাকার কারনে বাস চলাচল বন্ধ রয়েছে।
সেবাগ্রীণ লাইনের কাউন্টারের ম্যানেজার রাসেল হাওলাদার বলেন, ফরিদপুরে বিএনপির সমাবেশের কারনে গোপালগঞ্জ থেকে ফরিদপুর হয়ে ঢাকা রুটের বাস চলাচর বন্ধ রয়েছে। যাত্রীরা কাউন্টারে আসলে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।
জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি মো: বুলবুল ইসলাম বলেন, ফরিদপুরে বিএনপির সমাবেশের কারনে ফরিদপুর রটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীনসহ অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা মোবাইল ফোনে বলেন, বাস বন্ধ ও গ্রেফতার আতংকের কারনে আমরা আগেই ফরিদপুরের সমাবেশ স্থলে পৌঁছেছি। তবে সবাই একত্রে না এসে নিজ নিজ দায়িত্বে নিজেদের মত করে সমাবেশে যোগ দিয়েছি।
জেলা বিএনপি’র আহবায়ক রাফিক শরীফ মোবাইল ফোনে জানান, ফরিদপুরে বিএনপি’র মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগে থেকেই বিভিন্নভাবে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা একজোট হয়ে ফরিদপুরের সমাবেশে যেতে পারেনি। আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত সুযোগ-সুবিধা মতো বিভিন্ন পন্থায় তারা ফরিদপুরে গিয়েছে। জেলার ৫টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ দায়িত্বে ফরিদপুর যান। আশা করছি জেলা থেকে ১ হাজারেরও বেশি নেতাকর্মী ফরিদপুরের সমাবেশে উপস্থিত হবেন। #