স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি’র ফরিদপুরের বিভাগীয় মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ২য় দিনের মত ফরিদপুরগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরগামী যাত্রীরা।
জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি মো: বুলবুল ইসলাম জানান, ফরিদপুরের মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী সেবাগ্রীণ লাইন, কমফোর্ট, দিগন্ত, গোল্ডেন লাইন, ষ্টার লাইনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ফরিদপুরগামী সাধারন যাত্রীরা বাসষ্ট্যান্ডে এসে চরম ভোগান্তিতে পড়েছে। অনেকেই বাড়ী ফিরে গেছেন। এছাড়া সাভারগামীরা পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়ে সাভারে পৌঁছাতে হচ্ছে।
তিনি আরো বলেন, ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ থাকলেও গোপালগঞ্জ থেকে মাওয়া হয়ে ঢাকা রুটে বাস চলাচল করছে। এছাড়া জেলার অন্যান্য সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে সাভারগামী একাধিক যাত্রীরা বলেন, আমরা সভারের নবীনগর যাবো। কিন্তু গোপালগঞ্জ থেকে ফরিদপুর হয়ে নবীনগরের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে আমরা যেতে পারছি না। তবে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গিয়ে নবীনগর যেতে হবে। হতে আমাদের সময় ও খচর দুটোই নষ্ট হচ্ছে। #