• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুইটি হত্যা মামলার আসামীরা অধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুইটি হত্যা মামলার আসামীরা অধরা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বৃদ্ধা শুকুরুন বেগম ও চাচাতো ভাইদের হাতে নিহত যুবক সুমন হাওলাদার হত্যা মামলার মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে নিহতদের পরিবারে চরম ক্ষোভ বিরাজ করছে।
সূত্রমতে, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী শুকুরন বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় জুয়েল বেপারী, ভাড়াটিয়া সন্ত্রাসী নাসির কাজী, সজিবুর রহমান জিয়া সহ তাদের সহযোগীরা। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা আবু হানিফ বয়াতী।
অপরদিকে গত ২২ অক্টোবর (শনিবার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার সুমন হাওলাদার নামের এক যুবককে কুপিয়ে গুরুত্বর জখম করে একই বাড়ির চাচাতো ভাইয়েরা। ওইদিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সুমন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।
নিহত শুকুরন বেগমের ভাই আব্দুস সালাম অভিযোগ করে বলেন, গত দেড়মাস পূর্বে আমার বোন শুকুরন বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলেও এখন পর্যন্ত মামলার মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। আসামীদের অতিদ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
মামলার বাদী সুলতানা বেগম অভিযোগ করে বলেন, আমার সামনেই আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার ২০ দিন অতিবাহিত হলেও হত্যাকান্ডে জড়িতদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তিনি।
সুমন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ নাসির হোসেন জানান, এজাহার নামীয় আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, লালু খান নামের অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃদ্ধা শুকুরন বেগম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, ইতিমধ্যে এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।