• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২২, ১৬:০২ অপরাহ্ণ
রোমে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত

ইতালি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে রোববার সন্ধ্যায় ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোমে এসে পৌঁছলে আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চিতে দলীয় নেতাকর্মীরা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তিন শতাধিক দলীয় নেতাকর্মী হাজির হন রোমের বিমানবন্দরে। সেখান থেকে তাদেরকে উঠানো হয় লিমোজিন গাড়িতে। ৭০ টিরও অধিক প্রাইভেট কার অনুসরণ করে গাড়িটিকে। বিশাল মোটর শোভাযাত্রায় তাদেরকে নিয়ে আসা হয় বাংলাদেশিদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিওতে। সেখানে রোমের বাইরে থেকে আসা মিলানো ভেনিস তরিনু মন ফালকনেসহ বিভিন্ন অঞ্চলের দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় তুসকোলনা এলাকায়
সেখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় কর্মীরা তাদেরকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে তারা আওয়ামীলীগ নেতা দিন মোহাম্মদের রেস্টুরেন্টের হল রুমে এসে পৌঁছান।
সেখানে সভাপতির মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের কমিটিকে লিখিত অনুমোদন দেবার পরও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছেন, তারা ইতালি আওয়ামীলীগ করতে পারবেন কিনা ভেবে দেখতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইটালি আওয়ামীলীগের আগামী কমিটি হবে পরিচ্ছন্ন এবং পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে। কোন দালাল বা দলের জন্য ক্ষতিকর এমন হাইব্রিড কাউকে কমিটির রাখা হবে না বলেও তিনি সতর্ক করে দেন। তবে তিনি ঐক্যবদ্ধভাবে সকলকে ভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
এর আগে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন স্থান থেকে আগত দলীয় নেতাকর্মীরা। এই সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেনও বক্তব্য রাখেন। এছাড়া সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, হাজী মোঃ জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। শেষে চার শতাধিক দলীয় নেতাকর্মীদের নিয়ে নৈশভোজে অংশ নেন
এই দুই নেতা।