দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে পেট্রোল ঢেলে একটি বেকারি কারখানা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এতে বেকারি কারখানা পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
রবিবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলা শহরের উপকন্ঠে থানাব্রিজ-মৌকরণ সড়কের পার্শ্বে মেসার্স হাওলাদার বেকারিতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বেকারির কর্মচারি হাসান নেঘাবান জানায়, রাত ৩টার দিকে কারখানার মধ্যে আগুন টের পেয়ে ঘুমিয়ে থাকা অন্য দুই সহকর্মীকে জাগিয়ে বাইরে বের হয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আাসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। অন্ততঃ ৩০মিনিট পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেকারি কারখানাটি পুরে ছাঁই হয়ে যায়। এতে কমপক্ষে ৫০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি বেকারির মালিক পক্ষের। বেকারির মালিক মো: জাকির হোসেন হাওলাদার বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইয়াসিন মুন্সির ছেলে মিলনসহ ৪ থেকে ৫ জন মিলে আমার কারখানায় আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি মোটরসাইকেলও উদ্ধার করেছি। এবিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযুক্ত মিলন অভিযোগ অস্বীকার করে উল্টো তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য জাকির নিজেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন। এবং উদ্ধার করা মোটরসাইকেলটি মিলনের। ঘটনার সময় তার ঘরের সামনে থেকেই গাড়িটি নেয়া হয়েছে। কারণ বেকারি ও মিলনের বসতঘর পাশাপাশি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবদুস সালাম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বেকারি মালিক জাকির হোসেন লিখিত কোন অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।
উল্লেখ্য, বেকারির মালিক জাকির হোসের কাছ থেকে জমি কিনে বেকারী সংলগ্ন একটি টিনশেড ঘর তুলে বসবাস করছেন প্রতিবেশী জনৈক মিলন মুন্সী। কবলাকৃত ওই জমিতে নূতন ঘর তোলা নিয়ে বহু শালিস-দরবার, ঝগড়া-বিবাদসহ পক্ষদ্বয়ের মধ্যে চরম শত্রুতা আছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো: হুমায়ুন কবির মৃধা।