স্টাফ রিপোর্টার :
বিশ্ব রোকেয়া দিবস উপলক্ষে পটু্য়াখালীর দশমিনায় সমাজ উন্নয়নে সেরা জয়িতার পুরস্কার পেয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা জাহান। শুক্রবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজিত বিশ্ব রোকেয়া দিবসের অনুষ্ঠানে সালমা জাহানের হাতে সেরা জয়িতার পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজীজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। বিশ্ব রোকেয়া দিবসে নারীনেত্রী সালমা জাহানসহ ৫ নারীকে জয়িতার সম্মাননা দেয়া হয়। সমাজ সেবায় ওই নারীনেত্রীর উপজেলা পর্যায়ে সেরা অর্জনে খুশি তাঁর পরিবারসহ সরকারদলীয় নেতাকর্মীরা।
তবে সালমা জাহানের পরিবার জানান, সমাজ উন্নয়নে তাঁর অবদানের পথচলা সহজ ছিলনা। নানা প্রতিবন্ধকতা এবং হয়রানির শিকার হতে হয়েছে তাকে। নারী বলে সমাজের তুচ্ছতাচ্ছিল্য তো তাঁর নিত্যদিনের সঙ্গী। এসবকে পেছনে ফেলেও সালমা এগিয়ে যাচ্ছে। এখনও তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। রাজনৈতিক স্বরযন্ত্র তো আছেই। সালমার স্বামী জিয়াউল হক বলেন, সালমাকে স্বামী হিসেবে আমি সব সময় সাহস দিয়ে যাচ্ছি। সে অনেক আগ থেকেই প্রতিবাদী। এ কারণে তাকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তবে এগুলোকে ভয় না করে সে এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রাপ্তি।