• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ১৭:২৭ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর সকাল ১১.৩০ এ একাডেমিক ভবনের ৫২৭নং কক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ, মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীন।

প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহবান জানান।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বাংলাদেশ বিনিমার্ণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।

বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যে পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই তোমরা এ পতাকা উড়িয়ে রাখবে।

সভাপতি মোছা: সানজীদা পারভীন বীরাঙ্গনাদের খুঁজে বের করে বাসস্থান ও সামাজিক মর্যাদা প্রদাণের আহবান জানান।

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী।