দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন ইউনিয়নে ডাকাত পড়েছে এমন খবর দিয়ে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে হঠাৎ ডাকাত আতঙ্কে এই মাইকিং করা হয়। বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে মানুষজন ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে এবং সারারাত ডাকাত পাহারায় নির্ঘুম রাত কাটায়। এ ঘটনায় উপজেলা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া পায়রা নদী থেকে ২টি ট্রলার থেকে ২০/২৫ জন অস্ত্রধারী ডাকাতদল এলাকায় প্রবেশ করেন। তাত্ক্ষণিক এলাকার মানুষ টের পেয়ে একে অপরকে অবহিত করেন। এক পর্যায়ে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। বিষয়টি মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাতাবুনিয়া বাজার ব্যবসায়ী মনির হোসেন বলেন, মসজিদে মাইকিংয়ের পর আমাদের বাজারের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজনকে নদীর ওপার নলুয়ায় ডাকাতির ঘটনায় পোস্ট দিতে দেখা গেছে।
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা বলেন, ডাকাত আতঙ্কে ইউনিয়নবাসীর রাত জেগে থাকতে হচ্ছে। ডাকাত দল নদী পথে ট্রলার ব্যবহার করে নদী তীরবর্তী এলাকা টার্গেট করছে। আমরা ইউনিয়নের সকল ওয়ার্ডে কমিটি করে পাহারা বসানোর সিদ্ধান্ত নিবো।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, রাতে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং করা হয়েছে তবে সঠিক তথ্য এখনো পাইনি। তবে বরিশালে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার পর থেকে আমরাও পুলিশি তৎপরতা আগের চেয়ে বেশি বৃদ্ধি করেছি।
#