সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনার ১ নং রণগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল আজিজ নৌকা প্রতীকে পাঁচ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন হাওলাদার আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪১০ ভোট। এছাড়াও, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী সাইফুল হোসেন হাতপাখা প্রতীকে এক হাজার ৪৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন টেলিফোন প্রতীকে ৬৯৩, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন মৃধা ঘোড়া প্রতীকে ৬৮১ ও স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন চশমা প্রতীকে ১১১ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ১৪ হাজার ৬০৯ জন ভোটারের মধ্যে ইভিএম পদ্ধতিতে ১১ হাজার ২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে ২৬টি বাতিলকৃত ভোট রয়েছে। ভোট প্রদানের হার ৭৬ দশমিক ৮২ শতাংশ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান মুঠোফোনে অবজারভারকে বলেন, সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে সফল ভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।