• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাসও টিকলো না প্রেমের বাল্যবিয়ে, লাশ হলো কিশোরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ দুই মাস আগে প্রেমিকের হাত ধরে পরিবারের অজান্তে বিয়ে করেছিলো স্কুল ছাত্রী মর্জিনা (১৪)। বিয়ের দুই মাস পর প্রেমের বলি হয়ে স্বামী ও তার পরিবারের প্ররোচনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী মর্জিনা।
এ ঘটনায় শনিবার দিবাগত রাতে আত্মহত্যার প্ররোচনায় স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নিহতের পিতা কুদ্দুস সিকদার। পুলিশ অভিযান চালিয়ে স্বামী সজীব হাওলাদারকে গ্রেফতার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা কুনিয়াকান্দি গ্রামের।
মামলার এজাহারে জানা গেছে, গত দুই মাসপূর্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি গ্রামের কুদ্দুস সিকদারের নবম শ্রেনী পড়–য়া কিশোরী কন্যা মর্জিনা পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করে তার প্রেমিক গৌরনদী উপজেলার মাগুরা কুনিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সজীব হাওলাদারকে। বিয়ের পর বিভিন্ন কারনে মর্জিনাকে শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। শুক্রবার রাতে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মর্জিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। স্বামী ও তার পরিবারের সদস্যদের মানষিক নির্যাতন সইতে না পেরে শনিবার ভোরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মর্জিনা।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, আটককৃত সজীবকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।