গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ এই প্রথম বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর চরে বাণিজ্যিক ভাবে তরমুজ চাষ করা হয়েছে। চরের বিস্তৃর্ণ এলাকাজুড়ে কৃষকের ক্ষেতে শোভা পাচ্ছে মৌসুমের রসালো ফল তরমুজ। ফলন ভালো হওয়ায় ওই এলাকার অন্যান্য কৃষকরাও আগামী বছরে তরমুজ চাষের আগ্রহ প্রকাশ করেছেন।
ওই উপজেলার দক্ষিণ কুড়িরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও কৃষি কাজের সাথে যুক্ত মোঃ আনোয়ার হোসেন বলেন, আড়িয়াল খাঁ নদী চরের জমির মালিকদের কাছ থেকে ৩৫ একর জমি লিজ নিয়ে সাতজন কৃষক মিলে ড্রাগন ও সুপার ড্রাগন জাতের ৪০ হাজার তরমুজ বীজ বপন করা হয়। ইতিমধ্যে ক্ষেতের অধিকাংশ তরমুজ গাছে শোভা পাচ্ছে রসালো ফল তরমুজ। এখন পর্যন্ত ফল পরিপক্ক না হওয়ায় বিক্রি শুরু করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই তরমুজ বিক্রি শুরু করা হবে। কৃষক হাসান আলী জানান, ৩৫ একর জমির লিজ, চাষাবাদ ও অন্যান্য খরচ মিলিয়ে ৪০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় কোটি টাকার তরমুজ বিক্রি করতে পারবেন।
সরিকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গৌরনদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, চরের আবাদী ও বেশ কিছু অনাবাদী জমিতে প্রথমবার বানিজ্যিক ভাবে তরমুজ চাষের বিষয়টি জানতে পেরে বীজ বপনের শুরু থেকেই কৃষকদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। ফলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন কৃষকরা। আগামী বছরে গৌরনদীর চরাঞ্চলে তরমুজ চাষ আরও সম্প্রসারণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি কৃষি জমিও যাতে ফাঁকা না থাকে। সেই লক্ষে কৃষি কর্মকর্তাদের নিয়ে পতিত জমিতে চাষাবাদ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে এ এলাকায় আগের চেয়ে কৃষির আবাদ বৃদ্ধি পেয়েছে।