সবার জন্য একটি নাগরিক-বান্ধব বরিশাল মহানগরীর লক্ষ্যে যুবদের নিয়ে নাগরিক প্রত্যাশা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর গ্রান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নগরীর ৩০ টি ওয়ার্ডের যুবকরা উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্প -এর আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান খান, নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমান।
নগরীর নিরাপত্তা, নারী, যুব ও শিশু-বান্ধব নগরী, সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক শহর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী, টেকসই অবকাঠামো নির্মাণ ও নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা বিষয়ে নাগরিক প্রত্যাশাগুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এই নাগরিক চাহিদার সংকলন একটি নাগরিক সংলাপ থেকে প্রাপ্ত প্রত্যাশাসমূহের প্রতিফলন, যা প্রস্তুতে বরিশাল মহানগরীর বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা ৪০ জন নারী পুরুষ অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের অর্ধেকই ছিলেন নারী।