• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ ডুবি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ ডুবি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-

মেহেন্দিগঞ্জে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হিজলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি ইনজাম নামের একটি যাত্রীবাহী
লঞ্চ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন পূর্ব ভংগা সংলগ্ন লতা নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ। তিনি বলেন, সকালে লঞ্চটি হিজলার টেক থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়, সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার কথা ছিল। তবে লতা ঘাটে পৌঁছানোর পূর্বে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চটি পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেয় এর চালক।

পরে যাত্রীরা নিরাপদে নেমে গেলেও কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়। বর্তমানে আংশিক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।

তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লঞ্চ থেকে সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এম.ভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই৷ কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই নিরাপদে আছেন।

এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লঞ্চ ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।